শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানের পদত্যাগের খবরে যেসব ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা ভুয়া বলে জানানো হয়েছে। সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে ভুয়া সংবাদ থেকে সাবধান থাকার আহ্বান জানান।
সতর্কীকরণ বার্তায় ফেসবুক পেজে ফজলুর রহমানের বরাতে বলা হয়, ‘সতর্কীকরণ। ভুয়া সংবাদ থেকে সাবধান। সামাজিক যোগাযোগমাধ্যমে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, এমপি মহোদয়ের কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের মিথ্যা তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’
এর আগে কিশোরগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য এক টক শোতে অংশ নিয়ে বলেন,আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না। জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে। গোপালগঞ্জে শুধু থানা পুড়িয়েছে, কাউকে মারেনি। তবে আমি মনে করি, আওয়ামী লীগ যে অপরাধ করেছে, সেই অপরাধের জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। কোনো দলকেই সারাজীবনের জন্য ঘৃণা করে রাখা উচিত নয়।
তিনি বলেন, কোনো দলের কেউ অপরাধ করলে তার শাস্তি হবে সঠিক বিচারের মাধ্যমে। আমি আবারও বলছি, সঠিক বিচারের মাধ্যমে। তাদের শাস্তি হোক, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, যার ৩০ শতাংশের বেশি সমর্থন রয়েছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে যার প্রধান ভূমিকা ছিল, সেই দলটিকে বন্ধ করে রাখা খুব একটা সমীচীন বলে মনে হয় না।
ফজলুর রহমান আরও বলেন, আপনি যত দিন একটি দলকে বন্ধ করে রাখবেন, বিষয়টি অনেকটা নদীতে বাঁধ দেওয়ার মতো হবে। নদীর স্রোত আটকে দিলে একসময় পানি অন্য দিক দিয়ে উপচে পড়বে। যেদিন সেই বাঁধ ভেঙে যাবে, সেদিন লোহার বাঁধ দিয়েও সেই স্রোত থামাতে পারবেন না। বালির বাঁধ ভেঙে যাওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সুতরাং যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন, শেষ পর্যন্ত তারাই বরং সেই স্রোতের মুখে পড়তে পারেন। নিষিদ্ধ করার পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ ও ব্যাখ্যা থাকতে হবে। অন্তত আন্তর্জাতিক শক্তিগুলোর কাছে ব্যাখ্যা থাকতে হবে, কেন আমরা দলটিকে নিষিদ্ধ করছি। নাকি আজীবনের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে?
এমপি ফজলুর রহমান বলেন, আজীবনের জন্য কোনো দলকে নিষিদ্ধ করার চেয়ে জনগণের ওপর সিদ্ধান্তটি ছেড়ে দেওয়া উচিত। যেমন মুসলিম লীগ এখনো আছে। কিন্তু জনগণ তাদের ভোট দেয় না। মুসলিম লীগ ১৯০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৯৪৭ সাল পর্যন্ত পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। ১৯৪৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায়ও ছিল। অথচ এখন নির্বাচনে দলটি কোনো আসনেই জামানত রক্ষা করতে পারে না। জনগণই তাদের প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগকেও জনগণের মাধ্যমে প্রত্যাখ্যাত হওয়ার সুযোগ দেওয়া উচিত।
ইএইচআর/ সিটি/ ডিসি









