বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
নওগাঁর নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহ, পিবিআইতে গেলেন তারিকুল ইসলাম
নওগাঁ জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন এসেছে। জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে। অন্যদিকে, নওগাঁর বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সাত জেলার পুলিশ সুপার পদে রদবদলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের পুলিশ সুপার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া এপিবিএনের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরকে খুলনা, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনী এবং এসআরইউর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে অন্যান্য কর্মকর্তাকেও বিভিন্ন ইউনিট ও কর্মস্থলে বদলি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নওগাঁ জেলা পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
এসআইবি/ সিটি









