বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

রামপালে নারী নির্যাতন প্রতিরোধে নির্মাণের ভ্যানরিকশা প্রচারাভিযান

রামপালে নারী নির্যাতন প্রতিরোধে নির্মাণের ভ্যানরিকশা প্রচারাভিযান
রামপাল উপজেলা পরিষদ চত্বরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ভ্যানরিকশা ক্যাম্পেইনের উদ্বোধন করছেন ইউএনও তামান্না ফেরদৌসি।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উদযাপন উপলক্ষে বাগেরহাটের রামপাল উপজেলা সদর ও গৌরম্ভা ইউনিয়নে ভ্যানরিকশা ক্যাম্পেইন করেছে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় রামপাল উপজেলা পরিষদ চত্বর থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসি। এরপর বেলা সাড়ে ১১টায় রামপাল সদর ইউনিয়নের ওড়াবুনিয়া গ্রামে প্রথম পথসভা অনুষ্ঠিত হয়।

সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম এ সবুর রানা, সাধারণ সম্পাদক এঞ্জেল মৃধা, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, কার্যনির্বাহী সম্পাদক মো. মোজাফফর হোসেন এবং সদস্য সাবেরা সুলতানা তুলি ও মারুদা খাতুন। এ ছাড়া সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সহসভাপতি ছবি রানী মণ্ডল, কার্যনির্বাহী সম্পাদক মো. লিয়াকত হোসেন, সদস্য সুরাইয়া খাতুন, তানিয়া খাতুন ও সুষমা বিশ্বাসসহ উপজেলা ও ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

একই সময়ে বেলা ১১টায় গৌরম্ভা ইউনিয়ন পরিষদের সামনে থেকে অপর ভ্যানরিকশা ক্যাম্পেইনটি উদ্বোধন করেন খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সমাজসেবক মুজিবর হোসেন জোয়ারদার। সেখানে প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন, গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মো. ওবায়দুল্লাহ গাজী, সভাপতি তসলিমা আক্তার বৃষ্টি, সাধারণ সম্পাদক রিক্তা আক্তার, কার্যনির্বাহী সম্পাদক সাবিনা খাতুন ও মো. মোহতাদিরসহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

প্রচারাভিযানে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং ক্ষতিগ্রস্তদের আইনি সুবিধার বিষয়ে জানাতে বাজার ও জনসমাগমস্থলে লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া ছয়টি জনসমাগমস্থলে দিবসের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক পথসভা করেন নাগরিক ফোরামের নেতারা। জেন্ডারভিত্তিক সহিংসতা-সংক্রান্ত ঘটনার তথ্য সংগ্রহের জন্যও প্রচারণা চালানো হয়।

‘নাগরিক’ প্রকল্পের আওতায় এই প্রচারাভিযানে সহযোগিতা করেছে দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ, মানুষের জন্য ফাউন্ডেশন এবং উই ক্যান।

আন্তর্জাতিকভাবে প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী এই প্রতিরোধ পক্ষ পালন করা হয়। এবারের স্লোগান ছিল, ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায়বিচার নিশ্চিত করি। সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই।’

১৯৬০ সালের ২৫ নভেম্বর ল্যাটিন আমেরিকার দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিন বোন নিহত হন। ১৯৮১ সালে ল্যাটিন আমেরিকার এক নারী সম্মেলনে ওই ঘটনা স্মরণে ২৫ নভেম্বরকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের উইমেন্স গ্লোবাল লিডারশিপ ইনস্টিটিউটের উদ্যোগে বিভিন্ন দেশের নারী নেত্রীরা ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পর্যন্ত এই ১৬ দিনের কর্মসূচি চালু করেন।

এরই ধারাবাহিকতায় ১৯৯৩ সালে জাতিসংঘ নারীর প্রতি সহিংসতা বিলোপ ঘোষণা গ্রহণ করে এবং ১৯৯৯ সালে ২৫ নভেম্বরকে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। তখন থেকে নারী অধিকারকর্মীরা নানা কর্মসূচির মাধ্যমে বিশ্বজুড়ে এই পক্ষ পালন করে আসছেন।

এসআইবি/ সিটি

নির্মাণ : REM Technology