বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

রায়পুরে ইসলামী যুব আন্দোলনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা

রায়পুরে ইসলামী যুব আন্দোলনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
ছবি: নবগঠিত কমিটির শপথ থেকে তোলা


লক্ষ্মীপুরের রায়পুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির সদস্যরা।

উপজেলা সভাপতি মাওলানা শাহাবুদ্দীন আইয়ুবীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাফর আহমাদের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার যুব সভাপতি মো. শোরাফ উদ্দিন স্বপন। তিনি নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান।

প্রধান অতিথির বক্তব্যে মো. শোরাফ উদ্দিন স্বপন বলেন, শপথ পাঠ করার অর্থ মহান আল্লাহর সঙ্গে ওয়াদা করা। তাই দায়িত্ব নেওয়ার আগে নিজের যোগ্যতা ও লক্ষ্য নির্ধারণ করে শপথ নিতে হবে। পরবর্তী সময়ে সময়ের প্রতি সচেতন থেকে সেই ওয়াদা রক্ষা করতে হবে। তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নে দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ করে যুবসমাজকে দ্বীনের পথে ফিরিয়ে আনার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শাখার প্রকাশনা সম্পাদক মাওলানা শরাফত করীম জিহাদী। তিনি দায়িত্বের যথাযথভাবে পালন এবং সব পরিস্থিতিতে একে অপরের পাশে থাকার ওপর গুরুত্ব দেন। সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

অপর বিশেষ অতিথি জেলা শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সালমান আল এমরান বলেন, উপজেলার নয়টি ইউনিয়নের অভিভাবক হলো উপজেলা কমিটি। তাই উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের সময়ানুবর্তিতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে ইউনিয়ন পর্যায়ের কর্মীদের সামনে আদর্শ স্থাপন করতে হবে।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি হাফেজ মোহাম্মদ আরিফ হোসেন মিয়াজী দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চান। নবগঠিত কমিটির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মী ও তাঁদের পরিবারের নিয়মিত খোঁজখবর রাখতে হবে। পাশাপাশি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করতে হবে।

সভায় রায়পুর উপজেলা শাখার ১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলদের পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা শাহাবুদ্দীন আইয়ুবী, সহসভাপতি হাফেজ মনির হোসেন, সাধারণ সম্পাদক জাফর আহমাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক আমীর হোসেন দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে হাফেজ আল-আমিন, দপ্তর সম্পাদক কাউছার হাবিব, প্রশিক্ষণ সম্পাদক শাহ আলম, দাওয়াহ সম্পাদক মাওলানা নূরুল আলম, প্রচার সম্পাদক মামুনুর রশীদ, অর্থ সম্পাদক রিমন হোসেন, যুব উন্নয়ন সম্পাদক ইয়াছিন শুভ, কর্মসংস্থান সম্পাদক রিয়াদ হোসেন এবং শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হিসেবে আব্দুল্লাহ দায়িত্ব পেয়েছেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবগঠিত কমিটির দায়িত্বশীলরা ইসলামী আন্দোলনের আদর্শ, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রায়পুর উপজেলা শাখার সহসভাপতি মাওলানা মনিরুল ইসলামের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এসআইবি/ সিটি

নির্মাণ : REM Technology