বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

কলকাতায় হত্যার শিকার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

কলকাতায় হত্যার শিকার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
মুনতারিন ফেরদৌস ডরিন

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে বাবা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর আলোচনায় আসেন মুনতারিন ফেরদৌস ডরিন। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। এ ছাড়া বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন ডরিন।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তার বর্তমান ঠিকানা রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার ১/১২, ব্লক-সি।

তবে কোন মামলায় এবং ঠিক কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য দিতে পারেনি ডিবি সূত্র। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology