বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সাবেক স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
বিবাহবিচ্ছেদের চার বছর পেরিয়ে গেলেও পারিবারিক বিরোধের অবসান হয়নি। সেই বিরোধের জেরে চুয়াডাঙ্গার জীবননগরে আব্দুল খালেক (৫০) নামের এক ব্যক্তিকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে জখম করে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে। বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের একটি মাঠ থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
আব্দুল খালেক জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পূর্বপাড়ার মৃত আজীর বক্স মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে মিনাজপুর গ্রামের ইসু বক্সের মেয়ে পাপিয়া খাতুনের সঙ্গে আব্দুল খালেকের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে চার বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তারা আলাদা বসবাস করছিলেন। তবে বিবাহবিচ্ছেদের পরও সাবেক শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আব্দুল খালেকের বিরোধ চলছিল বলে স্থানীয়দের দাবি।
নিহতের স্বজনদের অভিযোগ, এ বিরোধের জেরে বিভিন্ন সময় আব্দুল খালেককে হুমকি-ধমকি ও হামলার শিকার হতে হয়েছে। দেড় মাস আগেও তাঁর সাবেক স্ত্রী পাপিয়া খাতুন এবং দুই শ্যালক ওসমান (৪০) ও ইসমাইল (৩৫) তাকে মারধর করেন।
নিহতের ছেলে জিনারুল বলেন, ‘চার বছর আগে আমার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তারা আলাদা বসবাস করতেন। কিন্তু আমার মা ও মামারা বিভিন্ন সময় আমার বাবাকে হুমকি-ধমকি দিতেন। দেড় মাস আগেও তারা আমার বাবাকে বেধড়ক মারধর করে আহত করেন।’
তিনি আরও বলেন, ‘আজ শুনতে পাই, আমার বাবাকে মারধর করে মিনাজপুরের একটি মাঠে ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে দেখি, বাবার সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত। উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু তার আগেই বাবা মারা যান।’
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুর রহমান জানান, রাত ৮টার দিকে সারা শরীরে জখমের চিহ্ন নিয়ে আব্দুল খালেক নামে এক রোগী হাসপাতালে আসেন। তখন তিনি জীবিত ছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরই তিনি মারা যান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচআর/ সিটি/ ডিসি









