বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

আওয়ামী লীগ কর্মী সন্দেহে আইনজীবীকে পেটালেন যুবদল নেতা নয়ন

আওয়ামী লীগ কর্মী সন্দেহে আইনজীবীকে পেটালেন যুবদল নেতা নয়ন
সুপ্রিম কোর্টের এক আইনজীবী রায়হান রনি (৪০)

রাজধানীর পল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে সুপ্রিম কোর্টের আইনজীবী রায়হান রনি (৪০) কে মারধরের অভিযোগ উঠেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পল্টন থানার কালভার্ট রোড এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ওই আইনজীবীর মাথায় ১০টি সেলাই দিতে হয়েছে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।

আহত আইনজীবী রায়হান রনি অভিযোগ করেন, কালভার্ট রোড এলাকায় যুবদল নেতা নয়নসহ তাঁর অনুসারীরা তাঁকে মারধর করেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। তাঁর মাথায় ১০টি সেলাই পড়েছে বলেও জানান তিনি।

রায়হান রনিকে হাসপাতালে নিয়ে যাওয়া পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবু সালেহ জানান, বিএনপির কয়েকজন নেতাকর্মী তাঁকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বরও সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুকে মারধরের ঘটনায় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই ঘটনায় জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান জাতীয় সংসদে নয়নকে গ্রেপ্তারের দাবি জানান। পরে আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলও বিক্ষোভ করে তাঁকে আইনের আওতায় আনার দাবি জানায়।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology