বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, জানালা ভেঙে পালাল সভাপতির কর্মীরা

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, জানালা ভেঙে পালাল সভাপতির কর্মীরা
জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষের একটি সিটকে কেন্দ্র করে উত্তেজনা © ক্যাম্পাস টাইমস ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষের একটি সিটকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন আহত হয়েছেন। পরে তাঁকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে হলের ৭১৭ নম্বর কক্ষে এ ঘটনার সূত্রপাত হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সভাপতি গ্রুপের কয়েকজন নেতাকর্মী জুলাই-৬ হলের গেস্ট রুমে আশ্রয় নেন। এ সময় সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা বাইরে থেকে গেস্ট রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে গেস্ট রুমে অবস্থানরত কয়েকজন জানালা ভেঙে পেছনের দিক দিয়ে বেরিয়ে যান বলে জানা গেছে।

এ বিষয়ে সাধারণ সম্পাদক গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়, গেস্ট রুমে অবস্থানরত কয়েকজন ছাত্রদল নেতার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তাঁদের অস্ত্রসহ আটক করার চেষ্টা করা হলে তাঁরা জানালা ভেঙে পালিয়ে যান।

এদিকে, সংঘর্ষের ঘটনায় আহত হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনকে হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি ক্যাম্পাসের বাইরে অস্ত্রসহ বহিরাগতদের অবস্থানের অভিযোগও উঠেছে। তাঁদের মধ্যে কয়েকজন ক্যাম্পাসে প্রবেশ করেছেন বলেও দাবি করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাম্পাস এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে জুলাই ৬ হলের প্রভোস্ট জানান, সহকারী প্রক্টরদের সাথে বসা হয়েছে। বোর্ড মিটিং চলছে, আমরা আলোচনা শেষে জানাবো।

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology