বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ভাতিজাকে ‘চোর’ আখ্যা দিয়ে ‘প্যারালাইজড’ ভাইকে মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
ভোলার চরফ্যাশনে পৈতৃক বিরোধের জেরে চোর আখ্যা দিয়ে নিজ ভাই ও তার পরিবারের সদস্যদের মারধর, বাড়িঘর ভাঙচুর এবং মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এসএস পাইপ দিয়ে মারধর এবং ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে বর্তমানে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ১৪ নভেম্বর উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ফরিদাবাদ গ্রামের ছাদেক মাঝী বাড়িতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন—শেখ ফরিদ, তার স্ত্রী নুরনাহার এবং ছোট ছেলে রাসেল। অভিযুক্তরা হলেন শেখ ফরিদের ছোট ভাই মো. কাশেম এবং মো. জসিম। শেখ ফরিদ ছাদেক মাঝীর বড় ছেলে।
ভুক্তভোগী পরিবারের বিবরণ অনুযায়ী, গত ১৪ তারিখ রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ বাইরে থেকে ‘চোর এসেছে, চোর এসেছে’ বলে চিৎকার শোনা যায়। এই চিৎকার শুনে শেখ ফরিদ ও তার স্ত্রী নুরনাহার তাদের ঘুমন্ত ছোট ছেলে রাসেলকে জাগিয়ে তুলে গরু ও মুরগির ফার্মটি দেখতে বাইরে পাঠান। রাসেল মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে খামারে গিয়ে দুই চাচা কাশেম ও জসিমকে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি স্বাভাবিকভাবেই তাদের কাছে চোরের বিষয়ে জানতে চাইলে উল্টো তাকেই ‘চোর’ আখ্যা দেওয়া হয়।
কোনো কিছু বুঝে ওঠার আগেই রাসেলের ওপর চড়াও হন অভিযুক্তরা। অভিযোগ রয়েছে, এসএস পাইপ দিয়ে তাকে নির্মমভাবে পেটানো হয় এবং বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়া হয়। এই হামলায় জসিমের স্ত্রী, কাশেমের স্ত্রী এবং কাশেমের মেয়ে মুক্তাও অংশ নেন।
এ সময় প্যারালাইজড শেখ ফরিদকেও মারধর করা হয়েছে। আঘাতে তার মাথা ফেটে যায়। একই সাথে বেধড়ক মারধর করা হয় রাসেলের মা নুরনাহারকেও।
পরে স্থানীয়রা উদ্ধার করে ভুক্তভোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দুই দিন পর্যবেক্ষণে রাখার পর আহতদের অবস্থার অবনতি হলে তাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে (নিন্স) রেফার করা হয়। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ অনুযায়ী, শারীরিক নির্যাতনের পাশাপাশি ভুক্তভোগীদের বসতঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। খামার থেকে অনেকগুলো মুরগি লুট করে নিয়ে যাওয়ার পাশাপাশি ঘরের বাক্সের তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া হয়। স্বর্ণালংকার লুটের ঘটনায় কাশেমের মেয়ে মুক্তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এমনকি পরিবারটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও বাড়িতে ও মুরগির খামারে দফায় দফায় লুটতরাজ চালানো হয়।
স্থানীয়দের থেকে খোঁজ নিয়ে জানা যায়,তাদের পিতার সম্পত্তি থেকে কূটকৌশল করে শেখ ফরিদকে বঞ্চিত করেন কাশেম। তাদের বাবার অসুস্থতার সুযোগে কাশেম ও তার বোনেরা সমস্ত সম্পত্তির দলিল নিয়ে নেন। কিন্তু তিন ভাই যে বসত বাড়িতে থাকেন, পূর্বে ভোলা আদালতের রায় অনুযায়ী সেটি শেখ ফরিদের নামের জমি। তবে এখন কাশেম জসিমকে সাথে নিয়ে ভূয়া কাগজপত্র নিয়ে জমির দাবি করলে ভুক্তভোগী আদালতে একটি মামলা দায়ের করেন, যা এখনো চলমান রয়েছে। এ অবস্থায় কাশেম কোন ডকুমেন্ট উপস্থাপন করতে ব্যার্থ হয়ে পেশিশক্তির প্রয়োগ করেছে।
অভিযোগ অনুযায়ী, গতবছরও কাশেম তার ছোট ভাই জসিমের বউকে এবং জসিমকে মেরে রক্তাক্ত করেছিল। স্থানীয় সালিশে কাশেমের বেত্রাঘাত হয়েছিল। এ ঘটনার পর জসিম গত ৬ মাস যাবত ঢাকায় অবস্থান করছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান অভিযুক্ত ও শেখ ফরিদের ছোট ভাই মো. কাশেম ক্যাম্পাস টাইমসকে জানান, তাদের বিরুদ্ধে যে হামলার অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয় এবং এ ধরনের কোনো ঘটনা বা মারধরের মতো কোনো পরিস্থিতি ঘটেনি। মূলত জমিজমা নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মো. কাশেম বলেন, রাতে তার (ফরিদ) ছেলে নারকেল পাড়তে গেছে, আমার ছেলে ওকে ডাক দিয়েছে। সে দৌঁড়ে চলে গিয়েছে। আর আমার স্ত্রী আমাকে বেরই হতে দেয়নি।
এই ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা সুনির্দিষ্ট করে নিশ্চিত করতে পারেননি দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আলম চৌধুরী। তিনি ক্যাম্পাস টাইমসকে বলেন, ভুক্তভোগীরা অভিযোগ জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচআর/ সিটি/ ডিসি









