বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী-কন্যাশিশু নিহত, দিনে ১২৯

স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী-কন্যাশিশু নিহত, দিনে ১২৯
প্রতীকী ছবি © ক্যাম্পাস টাইমস সম্পাদিত

বিশ্বজুড়ে ২০২৫ সালে ঘনিষ্ঠ সঙ্গী ও পরিবারের সদস্যদের হাতে ৪৭ হাজার নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছেন। সে হিসাবে প্রতিদিন গড়ে ১২৯ জন এবং প্রতি ঘণ্টায় পাঁচজন নারী ও কন্যাশিশু প্রাণ হারিয়েছেন। নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হয়ে উঠেছে নিজেদের ঘর। গত বছর সংঘটিত নারী ও কন্যাশিশু হত্যাকাণ্ডের প্রায় ৬০ শতাংশই ঘটেছে পারিবারিক বা ব্যক্তিগত পরিসরে। উদ্বেগজনক বিষয় হলো, বিশ্বজুড়ে সাধারণ হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের হার কমছে তুলনামূলক অনেক ধীরগতিতে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় (ইউএনওডিসি) এবং জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেন প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস সামনে রেখে প্রকাশিত ‘ফেমিসাইড ব্রিফ’ শীর্ষক প্রতিবেদনে ২০২৫ সালের বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট ৭৮ হাজার নারী ও কন্যাশিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ, অর্থাৎ ৪৭ হাজার নারী ও কন্যাশিশুকে ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের কোনো সদস্য হত্যা করেছেন। বিশ্বের ১২২টি দেশ ও অঞ্চলের পরিসংখ্যান বিশ্লেষণ করে এ হিসাব নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে এ ধরনের হত্যাকাণ্ডের সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে ওঠানামা করছে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের জন্য নিজেদের ঘরই এখনো সবচেয়ে বিপজ্জনক স্থান। বছরের পর বছর ধরে এ পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হয়নি। ২০২৫ সালে হত্যাকাণ্ডের শিকার নারীদের বড় একটি অংশ নিজ বাড়ি কিংবা পারিবারিক পরিসরেই প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, হত্যাকাণ্ডের শিকার পুরুষদের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতিতে প্রাণ হারানোর হার তুলনামূলক অনেক কম।

২০২৫ সালে বিশ্বজুড়ে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে নারীর হার ছিল ১৯ শতাংশ। তবে হত্যাকাণ্ডের শিকার নারীদের প্রায় ৬০ শতাংশই নিজ বাড়ি বা পারিবারিক পরিসরে নিহত হয়েছেন। বিপরীতে, হত্যাকাণ্ডের শিকার পুরুষদের মধ্যে মাত্র ১১ শতাংশ এ ধরনের পরিস্থিতিতে প্রাণ হারিয়েছেন।

জাতিসংঘ জোর দিয়ে বলেছে, পারিবারিক সহিংসতা প্রতিরোধে শুধু ঘনিষ্ঠ সঙ্গীর সঙ্গে সম্পর্কের বিষয়টি বিবেচনা করলেই চলবে না। বৃহত্তর পারিবারিক কাঠামোর মধ্যকার সম্পর্কগুলোকেও গুরুত্ব দিতে হবে। কারণ, পরিবারের সদস্যদের হাতেও বিপুলসংখ্যক নারী ও কন্যাশিশু হত্যার শিকার হচ্ছেন।

আফ্রিকায় সবচেয়ে বেশি, এরপর এশিয়া

বিশ্বের কোনো অঞ্চলই নারী ও কন্যাশিশু হত্যাকাণ্ড থেকে পুরোপুরি নিরাপদ নয়। তবে ঘনিষ্ঠ সঙ্গী ও পরিবারের সদস্যদের হাতে হত্যার ঘটনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে আফ্রিকা। ২০২৫ সালে এ মহাদেশে ২২ হাজার ১০০ নারী ও কন্যাশিশু এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

আফ্রিকার পরেই রয়েছে এশিয়া। এ অঞ্চলে গত বছর ১৫ হাজার ১০০ নারী ও কন্যাশিশু নিহত হয়েছেন। এ ছাড়া আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০ নারী ও কন্যাশিশু ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন।

নারী জনসংখ্যার অনুপাতে ঘনিষ্ঠ সঙ্গী ও পরিবারের সদস্যদের হাতে হত্যার হার বিবেচনায়ও আফ্রিকা শীর্ষে রয়েছে। প্রতি এক লাখ নারী জনসংখ্যার বিপরীতে এ মহাদেশে হত্যার শিকার হয়েছেন ২ দশমিক ৯ জন। আমেরিকায় এ হার ১ দশমিক ৪, ওশেনিয়ায় ১ দশমিক ১, এশিয়ায় শূন্য দশমিক ৬ এবং ইউরোপে শূন্য দশমিক ৫।

অর্থাৎ, হত্যাকাণ্ডের মোট সংখ্যা কিংবা নারী জনসংখ্যার অনুপাতে হিসাব—উভয় ক্ষেত্রেই আফ্রিকার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। তবে জাতিসংঘের তথ্য বলছে, কোনো মহাদেশের নারীরাই এ ধরনের হত্যাকাণ্ডের ঝুঁকির বাইরে নন।

প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বজুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের হার কমছে অনেক ধীরগতিতে। বিশেষ করে আমেরিকা ও ইউরোপে এ ব্যবধান স্পষ্ট।

উদাহরণ হিসেবে বলা হয়েছে, আমেরিকায় ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে সামগ্রিক হত্যাকাণ্ডের হার ২৩ শতাংশ কমেছে। কিন্তু একই সময়ে নারীদের লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের হার কমেছে মাত্র ১২ শতাংশ। ইউরোপে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমেছে ৪৩ শতাংশ। বিপরীতে, নারীদের লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের হার কমেছে মাত্র ২৮ শতাংশ।

জাতিসংঘের মতে, এ চিত্র থেকে বোঝা যায়, নারীদের প্রতি সহিংসতা ও হত্যাকাণ্ডের শিকড় সমাজের প্রচলিত রীতিনীতি এবং নারী-পুরুষের ভূমিকা নিয়ে গড়ে ওঠা গতানুগতিক ধারণার গভীরে প্রোথিত। পাশাপাশি বিচারব্যবস্থায় প্রবেশাধিকার পাওয়ার ক্ষেত্রেও নারীদের নানা বাধার মুখে পড়তে হয়।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ফেমিসাইড বা নারীদের লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ড সাধারণত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অনেক নারী ও কন্যাশিশুর ক্ষেত্রে এটি দীর্ঘদিন ধরে চলা সহিংসতা, হুমকি ও নির্যাতনের চূড়ান্ত পরিণতি। অথচ যথাসময়ে কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে এসব হত্যাকাণ্ডের অনেকগুলোই ঠেকানো সম্ভব ছিল।

শারীরিক ও যৌন সহিংসতার শিকার অধিকাংশ নারীই নানা বাধার কারণে পরিবারের সদস্য, নিজেদের কমিউনিটি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চান না। ফলে তাদের অনেকেই প্রয়োজনীয় সুরক্ষা থেকে বঞ্চিত থাকেন। অন্যদিকে, নির্যাতন ও সহিংসতার সঙ্গে জড়িত অনেক অপরাধী সারা জীবন বিচারের মুখোমুখি না হয়েই পার পেয়ে যান।

জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী, নারী হওয়ার কারণে কোনো নারী বা কন্যাশিশুকে হত্যা করাকে ‘ফেমিসাইড’ বলা হয়। ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে হত্যাকাণ্ডের বাইরেও সংঘবদ্ধ অপরাধ, জোরপূর্বক শ্রম এবং মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু হত্যাকাণ্ড এ সংজ্ঞার অন্তর্ভুক্ত হতে পারে। তবে ব্যক্তিগত বা পারিবারিক পরিসরের বাইরে সংঘটিত এ ধরনের হত্যাকাণ্ডের তথ্য এখনো অত্যন্ত সীমিত। ফলে আঞ্চলিক কিংবা বৈশ্বিক পর্যায়ে এ অপরাধের প্রকৃত ব্যাপ্তি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউএনওডিসির নির্বাহী পরিচালক মনিকা জুমা বলেন, দীর্ঘদিন ধরেই নারীদের বিরুদ্ধে সহিংসতা ও হত্যাকাণ্ডের উদ্বেগজনক পরিসংখ্যান দেখা যাচ্ছে। ভয়াবহ কিছু দৃষ্টিভঙ্গি, সামাজিক রীতিনীতি এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষাব্যবস্থার ব্যর্থতা এমন পরিবেশ তৈরি করেছে, যেখানে স্ত্রী, মেয়ে, মা কিংবা বোনকে হত্যা করাও একপর্যায়ে সহনীয় বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি বলেন, এ বাস্তবতা পরিবর্তনে সমাজের প্রতিটি স্তরে ধারাবাহিক উদ্যোগ প্রয়োজন। মানুষের সামাজিক আচরণ ও ক্ষতিকর দৃষ্টিভঙ্গি পরিবর্তনে লক্ষ্যভিত্তিক প্রতিরোধমূলক কৌশল বাস্তবায়নের পাশাপাশি পারিবারিক সহিংসতায় জড়িত অপরাধীদের জন্য বিশেষায়িত কর্মসূচি ও হস্তক্ষেপমূলক কার্যক্রমে বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে নারীদের সুরক্ষা, মানবাধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহুস বলেন, সহিংসতার শিকার নারী ও কন্যাশিশুরা যাতে নিরাপদে অভিযোগ জানাতে পারেন, সুরক্ষা পান এবং প্রয়োজনীয় সহায়তা লাভ করেন, তা নিশ্চিত করতে হবে। সতর্কসংকেত উপেক্ষা করা হলে, অভিযোগের যথাযথ তদন্ত না হলে, নারী ও কন্যাশিশুদের সুরক্ষা দেওয়া না গেলে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা না হলে এর পরিণতি প্রাণঘাতী হতে পারে।

তিনি আরও বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তার অধিকার নিশ্চিত করার প্রতিটি ব্যর্থতা বিচারব্যবস্থা এবং আইনের সবচেয়ে মৌলিক দায়িত্বের ব্যর্থতা। নারীদের জীবন সুরক্ষিত রাখা আইনের অন্যতম প্রধান দায়িত্ব। তাই কোনো সতর্কসংকেত যেন উপেক্ষিত না হয়, সহিংসতার শিকার কেউ যেন সুরক্ষাহীন না থাকেন এবং কোনো অপরাধী যেন জবাবদিহির বাইরে না থাকেন, তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে হবে।

প্রতিবেদনের সম্পাদকীয় নোটে বলা হয়েছে, ২০২৫ সালে ব্যক্তিগত ও পারিবারিক পরিসরে নিহত ৪৭ হাজার নারী ও কন্যাশিশুর সংখ্যা ২০২৪ সালের আনুমানিক ৫০ হাজারের চেয়ে কম। তবে এ পরিবর্তনকে প্রকৃত হত্যাকাণ্ড কমে যাওয়ার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।

জাতিসংঘের ব্যাখ্যা অনুযায়ী, বিভিন্ন দেশের তথ্যপ্রাপ্তির সুযোগ ও পরিসংখ্যানের মান উন্নত হওয়ার কারণে এ সংখ্যাগত পার্থক্য তৈরি হয়েছে। অর্থাৎ, ২০২৫ সালে নিহতের সংখ্যা আগের বছরের তুলনায় কম দেখালেও বাস্তবে নারী হত্যাকাণ্ড কমেছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।

নারীর প্রতি সহিংসতা বন্ধে চলতি বছরের ১৬ দিনের কর্মসূচি শুরু হচ্ছে ২৫ নভেম্বর, যা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এবারের কর্মসূচির প্রতিপাদ্য—‘ইউনাইট টু এন্ড ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন অ্যান্ড গার্লস: এনশিওর জাস্টিস, প্রোটেক্ট সারভাইভার্স, এন্ড ইমপিউনিটি’। অর্থাৎ, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়া, ন্যায়বিচার নিশ্চিত করা, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দেওয়া এবং অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটানো।

এ কর্মসূচির মাধ্যমে ইউএন উইমেন ও ইউএনওডিসি সরকার, বেসরকারি খাত, জাতিসংঘব্যবস্থা, গণমাধ্যম, নারী অধিকারবিষয়ক সংগঠন এবং পরিবর্তনের নেতৃত্ব দেওয়া সহিংসতার শিকার ব্যক্তিদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে।

সংস্থা দুটি বলেছে, ফেমিসাইডসহ নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। সহিংসতার শিকার ব্যক্তি, নিহতদের স্বজনদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ১২৯টি কমলা পতাকা স্থাপন করেছে ইউএন উইমেন। প্রতিটি পতাকা প্রতিদিন ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে নিহত একজন নারী বা কন্যাশিশুর জীবনকে প্রতিনিধিত্ব করছে।

‘১২৯ পতাকা, ১২৯ নারী—ফেমিসাইড বন্ধে জরুরি আহ্বান’ শীর্ষক এ আয়োজনের পাশাপাশি বিভিন্ন বয়স ও পটভূমির ১২৯ নারী সংহতি ও স্মরণে একত্রিত হন। তাদের প্রত্যেকে সেদিন এমন একজন নারী বা কন্যাশিশুর প্রতিনিধিত্ব করেন, যিনি এমন কারও হাতে প্রাণ হারিয়েছেন, যার দায়িত্ব ছিল তাকে নিরাপদ রাখা।’

ইউএন উইমেন জানিয়েছে, এসব সংখ্যা কেবল নথিভুক্ত হত্যাকাণ্ডের হিসাব। প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, ফেমিসাইডের বেশির ভাগ ঘটনাই এমন দীর্ঘদিনের সহিংসতার পরিণতি, যা আগেই প্রতিরোধ করা সম্ভব ছিল। এই আয়োজনের মধ্য দিয়ে ১৬ দিনের কর্মসূচির সূচনা করা হয়েছে। এর প্রতিপাদ্য ‘ন্যায়বিচার নিশ্চিত করুন, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিন, অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটান’।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology