বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

টাকা না দিলে বদলির হুমকি, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষকদের নানা অভিযোগ

টাকা না দিলে বদলির হুমকি, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষকদের নানা অভিযোগ
অভিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিঞা

শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা আদায়, আর্থিক সুবিধা না পেলে বদলির হুমকি, অশালীন আচরণ ও হয়রানিমূলক শোকজ দেওয়ার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিঞার বিরুদ্ধে।

ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, অডিট ও অফিস খরচ, পে-ফিক্সেশন, চাকরি স্থায়ীকরণ, সমতা বিল, বিদ্যালয়ের মেরামতসহ বিভিন্ন কাজের কথা বলে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়। এসব অভিযোগ তুলে সম্প্রতি শিক্ষামন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছেন উপজেলার দুই শিক্ষক।

অভিযোগকারীদের দাবি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার চাহিদামতো টাকা দিতে না পারলে শিক্ষকদের বদলি ও শোকজের ভয় দেখানো হয়। তার কথিত ব্যক্তিগত সহকারী মনির হোসেনের মাধ্যমেও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পক্ষে কল রেকর্ডসহ বিভিন্ন তথ্যপ্রমাণ থাকার কথাও জানিয়েছেন তারা।

গত ১৮ অক্টোবর শিক্ষামন্ত্রী বরাবর চার পৃষ্ঠার লিখিত অভিযোগ দেন কালিউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুবনা বেগম ও উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিউটি বেগম। অভিযোগপত্রে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অর্থ আদায় ও ক্ষমতার অপব্যবহারের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, চলতি বছরের জুনে সমন্বয় সভায় অডিট ও অফিস খরচের কথা বলে উপজেলার ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে জনপ্রতি দেড় হাজার টাকা করে নেওয়া হয়। একইভাবে তাঁর কথিত ব্যক্তিগত সহকারী মনির হোসেনের বেতন দেওয়ার কথা বলে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের কাছ থেকে ১০০ টাকা করে আদায়ের অভিযোগ রয়েছে।

এ ছাড়া জাতীয় বেতন স্কেল ২০২৬-এর পে-ফিক্সেশনের জন্য উপজেলার ৭৫১ জন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ৪০০ টাকা করে নেওয়ার অভিযোগ করেছেন শিক্ষকরা। উপজেলার নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত ও সংস্কারকাজের বরাদ্দ থেকে ১০ হাজার টাকা করে দিতে হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের ভেতরে কাচের নামফলক ও অফিসের নামে সাইনবোর্ড তৈরির জন্য ১২৬ জন প্রধান শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে নেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগকারীদের দাবি, চাকরি স্থায়ীকরণের কথা বলে উপজেলার ১১০ জন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি আড়াই হাজার টাকা করে নেওয়া হয়েছে। এ বিষয়ে কথোপকথনের কল রেকর্ডও তাঁদের কাছে রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। একইভাবে ৪২ জন শিক্ষকের কাছ থেকে সমতা বিলকরণের নামে জনপ্রতি ১২ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্লেয়িং এক্সেসরিজের কাজ নিজেই করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পরে বিদ্যালয়প্রধানদের চাপ দিয়ে চেকে স্বাক্ষর নিয়ে বিল তোলেন তিনি। এ ছাড়া শিক্ষকদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে শোকজ করার পর তাঁর কথিত ব্যক্তিগত সহকারী মনির হোসেনের মাধ্যমে যোগাযোগ করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।

শিক্ষকদের অভিযোগ, চিকিৎসা ছুটি, মাতৃত্বকালীন ছুটি, শিক্ষক সংযুক্তি, বিভিন্ন বকেয়া বিল, ক্ষুদ্র মেরামত ও স্লিপসহ আর্থিক সংশ্লিষ্ট বিভিন্ন কাজেও টাকা দিতে হয়। এসব কাজে উপজেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের একটি অংশকে নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছেন বলেও অভিযোগ করেছেন তাঁরা। অভিযোগপত্রে তাঁদের নিয়ে বছরে একাধিকবার দেশের বিভিন্ন স্থানে ও রিসোর্টে ভ্রমণে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী প্রধান শিক্ষক লুবনা বেগম বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞা ক্ষুদ্র মেরামতের বরাদ্দের টাকা তাঁকে দিতে চাপ দেন। টাকা না দিলে বদলি করে দেওয়ার ভয় দেখান। পরে তাঁকে ১০ হাজার টাকা দিতে হয়েছে।

তিনি বলেন, ‘ওনার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তিনি সবাইকে বদলির হুমকি দেন। তিনি ও তার কথিত পিএসের ভয়ে কেউ মুখ খোলার সাহস পান না।’

অন্য অভিযোগকারী সহকারী শিক্ষক বিউটি বেগম বলেন, চাকরি স্থায়ীকরণের জন্য তিনি নিজেসহ ১১০ জন শিক্ষকের কাছ থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তা জনপ্রতি আড়াই হাজার টাকা করে নিয়েছেন। কিন্তু এখনো চাকরি স্থায়ীকরণের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এ বিষয়ে জানতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গেলে তাকে জানানো হয়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি আটকে রেখেছেন। ধৈর্য ধরলে হয়ে যাবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিঞা বলেন, ‘শিক্ষিকা লুবনা বেগমের পরিবারের সবাই বিএনপির। স্কুলের ব্যবস্থাপনা কমিটিতে কোনো নিয়মনীতি না মেনে তাঁর ভাসুরকে সভাপতি করেছেন। এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হয়েছে। এ নিয়ে কথা বলায় তাঁর স্বামী আমাকে চাপ দিচ্ছেন।’

কথিত ব্যক্তিগত সহকারীর মাধ্যমে শিক্ষকদের চাপ দিয়ে টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয়ে তদন্ত হচ্ছে, তা বেরিয়ে আসবে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান বলেন, নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক হয়তো বিষয়টি তদন্তের জন্য কাউকে দায়িত্ব দেবেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০১ খ্রিষ্টাব্দে নাসিরনগর উপজেলায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগ দেন ইসহাক মিঞা। সে সময় তিনি নাসিরনগর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নুরুন্নাহার বেগমকে বিয়ে করেন। পরে বিভিন্ন অভিযোগে তাঁকে বদলি করা হয়।

২০১২ খ্রিষ্টাব্দে তৎকালীন সংসদ সদস্যের সুপারিশে তিনি আবারও নাসিরনগরে যোগ দেন। পরবর্তী সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে আবারও বদলি করা হয়। দীর্ঘদিন পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতি পেয়ে ২০২৫ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারিতে তৃতীয়বারের মতো নাসিরনগরে যোগ দেন তিনি।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology