বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতিসংঘের শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে। বুধবার (২৫ নভেম্বর) ভিসির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাবি কর্তৃপক্ষ।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন— মারিয়া স্মিরনোভা, কাজী মোস্তাকিম আহমেদ, মো. সালায়ে মোস্তফা ও আহমেদ ইমতিয়াজ সামাদ।

সাক্ষাৎকালে ভিসি ঢাবির সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার উৎকর্ষ সাধনে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও অনুকূল পরিবেশ বিরাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

ভিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন স্কলারশিপ কর্মসূচি, পাঠদান ও শেখার পদ্ধতি এবং শিক্ষা কার্যক্রম পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণ সম্পর্কে প্রতিনিধিদলকে ধারণা দেন।

ওবায়দুল ইসলাম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কর্মসূচি পরিচালনা করছে।

এ সময় ভিসি আরও বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা জোরদারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জাতিসংঘের শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদ বাংলাদেশে উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

ইএইচআর/ বিএন/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: ঢাকা বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology