বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

পেশাগত জীবনে সফলতার পাশাপাশি দেশের উন্নয়নেও কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী

পেশাগত জীবনে সফলতার পাশাপাশি দেশের উন্নয়নেও কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পেশাগত জীবনে সাফল্য অর্জনের পাশাপাশি দেশের উন্নয়নের জন্যও কাজ করতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটি'র ১৯ তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পেশাগত সাফল্য অর্জন গুরুত্বপূর্ণ, পাশাপাশি বাংলাদেশের প্রতিও দায়িত্ব সমানভাবে গুরুত্বপূর্ণ। নিজেদের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের সমস্যার সমাধান, বিদ্যমান ব্যবস্থার উন্নতি সাধন, এবং অন্যদের জন্য নতুন সুযোগ সৃষ্টির জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, বর্তমান অত্যাধুনিক প্রযুক্তির যুগে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় অতিক্রম করছে। সামনে এগিয়ে যেতে আমাদের এমন দক্ষ পেশাজীবীর প্রয়োজন, যারা শুধু প্রযুক্তিগতভাবে যোগ্যই নন, বরং সৎ, উদ্ভাবনী এবং নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন; যেখানে শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী হবে জাতীয় উন্নয়নের চালিকাশক্তি। এখন আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি। আমরা শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনের প্রসার এবং আমাদের তরুণ প্রজন্মকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের উপযোগী করে তুলতে কাজ করে যাচ্ছি।

এসময় তিনি ভবিষ্যতের প্রকৌশলী ও পেশাজীবীদের সততা, দায়িত্ববোধ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, কর্মসংস্থান খুঁজে পাওয়া অনেক সময় একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেই নতুন সম্ভাবনা ও সুযোগ লুকিয়ে থাকে। তাই শুধু প্রচলিত চাকরির চিন্তায় সীমাবদ্ধ না থেকে নতুনভাবে ভাবতে হবে। নিজের জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন প্রযুক্তি উদ্ভাবন, ব্যবসা প্রতিষ্ঠা, এবং অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তরুণ প্রজন্মের দক্ষতা ও ধারণাগুলো নতুন শিল্প গড়ে তুলতে এবং বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে বিশিষ্ট নাট্য অভিনেতা আবুল হায়াত সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান,নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এমআইএসটি'র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology